দশ দিন জুড়ে কত জল ঘোলা হলো, পরতে পরতে হলো রঙ বদল। শেষ দৃশ্যে অবশ্য পরিচিত ছবিটাই থাকল—লিওনেল মেসিকে দেখা গেল সেই বার্সেলোনার জার্সিতেই। ৩৩ বছর বয়সে এসে আর্জেন্টাইন ফরোয়ার্ড কেন বার্সেলোনার সঙ্গে দুই দশকের সম্পর্কটার শেষ টানতে চেয়েছিলেন, সে নিয়ে অনেক ব্যাখ্যাই এসেছে বিভিন্ন বিশ্লেষণে। মেসি নিজেও সেটির ব্যাখ্যা দিয়েছেন সাক্ষাৎকার দিয়েই।
কিন্তু থেকে যেহেতু গেছেনই, চুক্তির বাকি থাকা এক মৌসুমে মেসি কেমন খেলবেন সে নিয়ে সংশয় ছিল অনেকের। সে ক্ষেত্রে জবাব হয়ে আসতে পারে বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্তের সঙ্গে মেসির সাক্ষাৎকার। আজ পুরো সাক্ষাৎকার প্রকাশিত হবে, তার আগে কাল নিজেদের অনলাইন সংস্করণে সাক্ষাৎকারের বিশেষ কিছু অংশ তুলে দিয়েছে স্পোর্ত। সেখানে মেসি বলেছেন, তিনি যা করেছেন, তা অনেকের কাছে ভুল মনে হলেও হতে পারে, তবে সবকিছু তিনি করেছেন বার্সেলোনার ভালোর জন্যই।






