চীনের সামরিক নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং-৫

শ্রীলঙ্কায় চীনের নির্মিত হাম্বানটোটা বন্দরে ভিড়েছে চীনের সামরিক নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং-৫। আজ মঙ্গলবার জাহাজটি বন্দরে ভিড়েছে। অর্থ ও বাণিজ্য–সম্পর্কিত তথ্যের জন্য পরিচিত ‘রেফিনিটিভ’ ওয়েবসাইট ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।

সম্প্রতি জাহাজটি ভারত এবং চীনের মধ্যে বিতর্কের কেন্দ্রে পরিণত হয়। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকটে দেশ দুটি সবচেয়ে বড় দাতার ভূমিকায় রয়েছে।

ভারত আশঙ্কা করছে, দেশটির বড় ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীন হাম্বানটোটা বন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করবে। এশিয়া ও ইউরোপের প্রধান বাণিজ্যিক পথের পাশে এই বন্দরের অবস্থান।

ইউয়ান ওয়াং-৫ চীনের সবশেষ প্রজন্মের মহাকাশ নজরদারি জাহাজগুলোর একটি বলে মনে করছেন বিদেশি নিরাপত্তা বিশ্লেষকেরা। স্যাটেলাইট, রকেট ও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নজরদারিতে এই জাহাজ ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে, চীনের পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স ইউয়ান ওয়াং জাহাজটি পরিচালনা করে থাকে।