চলে গেলেন গৌতম দে

ইদানীং জি বাংলায় ‘করুণাময়ী রানী রাশমণি’ আর ‘হৃদয়হরণ বিএ পাস’ সিরিয়াল দুটিতে অভিনয় করছিলেন গৌতম দে। আজ সোমবার সকালে তিনি চলে গেলেন না ফেরার দেশে। অনেক দিন থেকেই ক্যানসারের ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। এর মাঝেই তিনি অভিনয় করে গেছেন। কারণ অভিনয়কে তিনি এতটাই ভালোবেসেছিলেন, একসময় অভিনয়টা তাঁর নেশা হয়ে যায়। সম্প্রতি তাঁর অসুস্থতা বেড়ে যায়। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, আজ সকাল সাতটায় সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

গৌতম দের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, ‘বর্ষীয়ান অভিনেতা গৌতম দের প্রয়াণে আমি শোকাহত। দীর্ঘদিন বাংলা থিয়েটার ও ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি ধারাবাহিকেও তাঁর কাজ ছিল দেখার মতো। গুণী এক অভিনেতাকে হারাল বাংলা। তাঁর পরিবারকে আমার সমবেদনা জানাই।’

LEAVE A REPLY