অনেক চেষ্টা করেও গায়ক আকবরের পা বাঁচানো গেল না। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান পা কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী কানিজ ফাতেমা।
ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আকবর। কয়েক বছর ধরে নানা রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরে শরীরে পানি জমার কারণে তাঁর ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে আকবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত।







