বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে আফগানিস্তান

শ্রীলঙ্কার একটা নতুন অভিজ্ঞতা হলো আজ। অভিজ্ঞতা বলতে অবশ্যই তিক্ত অভিজ্ঞতা। আফগানিস্তানের বিপক্ষে আগে যে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে লঙ্কানরা, কখনো হারেনি। আজ সেই শ্রীলঙ্কা পাত্তাই পেল না আফগানিস্তানের কাছে! আবুধাবিতে আফগানদের কাছে ৯১ রানে হেরে সবার আগে এশিয়া কাপ থেকে বিদায় নিল চন্ডিকা হাথুরুসিংহের দল।

‘আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা এভাবে ধুঁকছে…’—নিরপেক্ষ দেশের ধারাভাষ্যকর হয়েও রমিজ রাজার কণ্ঠে হতাশা। হতাশ মাঠে উপস্থিত লঙ্কান দর্শকেরাও। আজ কোনো বিভাগেই আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠেনি শ্রীলঙ্কা, যেমনটা তারা পারেনি বাংলাদেশের বিপক্ষে। ফিল্ডিংটা হয়েছে জঘন্য। ব্যাটিং আরও বাজে! আফগানিস্তানকে অলআউট করাটা যদি বোলিং সাফল্য হয়, তবে সেটি ম্লান হয়ে যায় এই মন্থর উইকেটে নবী-রহমতদের ২৪৯ রান করতে দেওয়ায়।

২৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কার ধাক্কা। ইনিংসের দ্বিতীয় বলেই কুশল মেন্ডিসকে এলবিডব্লু করে ফেরান মুজিবুর রহমান। দ্বিতীয় উইকেটে উপুল থারাঙ্গার সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে সেই চাপ সামলে নেন ধনাঞ্জয়া ডি সিলভা। কিন্তু হাস্যকর এক রানআউট হয়ে ধনাঞ্জয়া (২৩) ফিরলে শ্রীলঙ্কা হারিয়ে ফেলে পথ, যেটি তারা আর খুঁজে পায়নি। ১০৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর যদিও লঙ্কানরা একটু আশা খুঁজে পেয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস-থিসারা পেরেরার ষষ্ঠ উইকেট জুটিতে। শ্রীলঙ্কার অভিজ্ঞ দুই ব্যাটসম্যানও সেই আশা পূরণ করতে পারেননি, দুজনের জুটি ভেঙেছে ৩৫ রান যোগ করে। ১৫ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে লঙ্কানরা ৪১.২ ওভারে অলআউট ১৫৮ রানে।

LEAVE A REPLY