খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার কৃষক সুজন চাকমা ৭৬ একরের বাগান আছে। এখানে বিভিন্ন ফলদ গাছের পাশাপাশি রয়েছে আম্রপালি আমের গাছ।
সুজন বলেন, আবহাওয়া ভালো থাকায় এবার বাগানে গত বছরের তুলনায় ভালো ফলন হয়েছে। আম কিনতে ইতিমধ্যে জেলার বাইরে থেকে অনেক ব্যবসায়ী আসছেন।
সুজন চাকমার বাগানে আম্রপালির পাশাপাশি রেঙ্গুন, হাঁড়িভাঙা, বারী-১১, বারী-৪, হিমসাগর, গুরমতি, কিউজাইসহ ১৩ প্রকারের আম রয়েছে।
তিন ক্যাটাগরিতে পাইকারি আম বিক্রি করেন সুজন। ভালো মানের আমগুলো কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায়, মাঝারি মানের আম ৭০ থেকে ৮০ টাকায় এবং অপেক্ষাকৃত কম ভালো আম ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করা যায়।
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৈরী আবহাওয়ার কারণে গত বছর বেশির ভাগ কৃষকের আম্রপালি আম গুটিতেই নষ্ট হয়ে যায়। ফলে ২ হাজার ৯৩০ হেক্টর জমিতে আম চাষ করে মাত্র ১৪ হাজার ৬৫০ মেট্রিক টন আম পান কৃষকেরা।






