কোয়ার্টার ফাইনালে মোহামেডানকে সঙ্গে নিল আবাহনী

মাসিহ সাইগানি ফুটবলার না হয়ে ক্রিকেটার হলে অনায়াসে তাঁর নামের সঙ্গে লিখে দেওয়া যেত এই তকমা। সেন্টারব্যাক হিসেবে আফগান এই ডিফেন্ডারের মূল কাজ রক্ষণ সামলানো। তা তিনি ভালোভাবে সামলাতে পারেন বলেই দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের ক্লাব তাঁকে নিয়ে টানাটানি করে।

তবে রক্ষণ সামলে গোল করতেও জুড়ি নেই দীর্ঘদেহী এই ডিফেন্ডারের।

আগের ম্যাচের মতো আজও আবাহনী লিমিটেডের গোলের খাতা খুলেছেন মাসিহ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাসিহ ছাড়া আবাহনীর হয়ে আরও একটি গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড কেভিন বেলফোর্ট।

দুই বিদেশির কল্যাণে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২–১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আবাহনী।

মুক্তিযোদ্ধার হয়ে ব্যবধান কমিয়েছেন বদলি রোহিত সরকার। আবাহনীর এ জয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল মোহামেডান স্পোর্টিং। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল মুক্তিযোদ্ধা সংসদ।

প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী। সেই ম্যাচ থেকে দুটি পরিবর্তন করে একাদশ সাজিয়েছিলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস।

গোলরক্ষক সুলতান মাহমুদের স্থলে ফিরেছেন নিয়মিত গোলরক্ষক শহিদুল আলম। আর মামুনুল ইসলামের জায়গায় মোহাম্মদ সোহেল রানা।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল আবাহনী। ৩০ মিনিটে ফ্রি–কিক থেকে দুর্দান্ত গোল করে এগিয়ে নেন মাসিহ।

বক্সের সামনে থেকে মাসিহর বাঁ পায়ের জোরালো প্লেসিং শট ডান দিকে ঝাঁপিয়েও নাগাল পাননি মুক্তিযোদ্ধা গোলরক্ষক নুরুল করিম।