নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে বিএনপিসহ বেশির ভাগ দল নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে মত দিয়েছিল। ভোট গ্রহণের এই যন্ত্রটির পক্ষে মত দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সমমনা কয়েকটি দল। ইভিএম নিয়ে দুরকম মত থাকলেও ইসি সাড়া দিয়েছে ক্ষমতাসীন দলের আগ্রহে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এখন পর্যন্ত তারা ২ হাজার ৫৩৫টি ইভিএম কিনে ফেলেছে, যার ৩৮০টি গত সপ্তাহে তাদের হাতে এসে পৌঁছেছে। বাকিগুলো কিছুদিনের মধ্যেই পৌঁছাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে এসব ইভিএম ব্যবহার করা হবে বলে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান।






