কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি

মোটা ও মাঝারি আকারের চালের দামে কোনো পরিবর্তন নেই। বাজারে এখনো গত সপ্তাহের মতোই প্রতি কেজি গুটি স্বর্ণা ৪৬ থেকে ৪৭ টাকা এবং বিআর–২৮ চাল ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। এর আগের সপ্তাহে এসব চালের দাম ছিল কেজিতে দুই টাকা কম। মোটা দানার মসুর ডালের দামও গত সপ্তাহের মতো প্রতি কেজি ৯০ টাকাই আছে। বাজারে এ দুটি নিত্যপণ্যের দামে যখন কোনো পরিবর্তন নেই, তখন মুরগি, ডিম ও পেঁয়াজের দামও বেড়ে গেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সোনালিকা (কক) মুরগির দাম কেজিতে আরও ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সোনালিকা মুরগির কেজি ২৯৫ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হয়। সেই সঙ্গে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৫০ থেকে ১৫৫ টাকা দরে।

মুরগির পাইকারি বিক্রেতারা বলছেন, খামার পর্যায়ে মুরগির উৎপাদন কম হচ্ছে। বিপরীতে চাহিদা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এতে দামও বেড়েছে।