ক্ষতি? হ্যাঁ, ঠিক তাই। প্রাণহানি, আর্থিক লোকসান, স্কুল-কলেজ বন্ধ থাকায় লেখাপড়ার ক্ষতি—এসবই করোনাভাইরাস মহামারির অবদান (!)। শুধু খেলাধুলাতেই ক্ষতির পরিমাণ অবিশ্বাস্য। কয়েক মাস প্রায় সব খেলাই বন্ধ ছিল। তাতে পেশাদার ক্রীড়াবিদদের টান পড়েছে পেটে, যেমন ফুটবলে। করোনাকালে ফুটবলে এ পর্যন্ত আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণ আজ জানাল ফিফা। বিশ্বে করোনাকালে ফুটবলে আনুমানিক ১১ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ হাজার ২১৮ কোটি টাকা) রাজস্ব হারানোর কথা জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা।
করোনাকালে পৃথিবীর প্রায় সব ফুটবল ফেডারেশন আর্থিকভাবে লোকসান গুনছে। টিকে থাকতে ফিফার ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) ডলারের জরুরি ত্রাণ তহবিলের দ্বারস্থ হয়েছে বিশ্বের প্রায় ১৫০টিরও বেশি দেশের ফেডারেশন। মৌসুমের সূচিতে অদলবদল, দর্শকহীন মাঠ, টিভি স্বত্ব হারানো এসব মিলিয়ে মোট আনুমানিক রাজস্ব হারানোর পরিমাণ হিসেব করেছেন ফিফার করোনা স্টিয়ারিং কমিটির ওলি রেন।






