কমলনগরে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ছয় নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন মুরাদ ও যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি এবং অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, শুক্রবার  রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক মির্জা আশ্রাফুজ্জামান রাসেল তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ভেঙে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। কমিটিতে আব্দুল্লাহ আল-নোমানকে সভাপতি এবং আবদুল কাদের সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়। বিষয়টি প্রচারিত হলে সম্মেলন ছাড়াই ‘অছাত্রদের’ নিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে শনিবার বিকেলে পদবঞ্চিতরা তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে। এ নিয়ে ওই ইউনিয়নের কামাল হোসেন মুরাদ ও আব্দুল্লা আল-নোমানের গ্রুপের মধ্যে উত্তেজেনাকর পরিস্থিতি তৈরী হয়। রোববার সন্ধ্যায় নবগঠিত ওই কমিটি তোরাবগঞ্জ বাজারে আনন্দ মিছিল বের করে। মিছিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক মির্জা আশ্রাফুজ্জামান রাসেলও অংশ নেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য বাজার থেকে বের হওয়া মিছিলটি দক্ষিণ মাথায় পৌঁছালে কামাল হোসেন মুরাদসহ পদবঞ্চিতরা হামলা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপি ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে বাজারে এখনও উত্তেজনা রয়েছে বলে স্থানীয়রা জানান।

LEAVE A REPLY