ঋত্বিক ঘটকের ভিটা ভেঙে ফেলার প্রতিবাদ

সাইকেল গ্যারেজ তৈরির জন্য বাংলা চলচ্চিত্রের পুরোধা ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভেঙে ফেলছে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, এরই মধ্যে বাড়ির একটি অংশের পুরোটা ভেঙে ইট, সিমেন্ট ও সুরকি সরিয়ে ফেলা হয়েছে।

এ ঘটনার জানাজানি হওয়ার পরই প্রতিবাদ জানাচ্ছেন বাংলার চলচ্চিত্রপ্রেমীরা। ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদে সম্মিলিত ব্যানারে রাজশাহীতে মানববন্ধনের ডাক দিয়েছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বরেন্দ্র ফিল্ম সোসাইটি। আজ মঙ্গলবার প্রতিবাদলিপি পাঠিয়েছেন ১২ চলচ্চিত্র নির্মাতা।

ঋত্বিক ঘটক জীবনের শুরুর সময়টা কাটিয়েছেন পৈতৃক বাড়ি রাজশাহীতে। এই বাড়িতে থাকার সময় তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন। রাজশাহী কলেজ এবং মিঞাপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নাট্যচর্চা করেছেন। ওই সময় ‘অভিধারা’ নামে সাহিত্যের কাগজ সম্পাদনা করেছেন ঋত্বিক। তাঁকে ঘিরেই তখন রাজশাহীতে সাহিত্য ও নাট্য আন্দোলন বেগবান হয়। এই বাড়িতে থেকেছেন ঋত্বিক ঘটকের ভাইঝি বরেণ্য কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী। এই বাড়ির ৩৪ শতাংশ জমি ১৯৮৯ সালে এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেয়।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন জানান, বহু স্মৃতিবিজড়িত এই বাড়ি। তাই স্বাভাবিকভাবেই এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বাড়িটিকে সংরক্ষণের দাবি নতুন নয়। রাজশাহীতে ক্রিয়াশীল ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ, রাজশাহী চলচ্চিত্র সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই বাড়িটিকে উদ্ধার ও সংরক্ষণের দাবিতে তিন বছর আগেই সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করে। কিন্তু কোনো প্রতিকার হয়নি। সম্প্রতি এই বাড়ির একটি অংশ ভেঙে সেখানে একটি গ্যারেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।’

জানা গেছে, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িকে হেরিটেজ ঘোষণা করার দাবিতে আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচির আহ্বান করেছে। এ ছাড়া ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উদ্যোগে ২৮ ডিসেম্বর বিকেল চারটায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনের সামনে চলচ্চিত্র সংসদকর্মী, চলচ্চিত্রকর্মী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।

নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ প্রথম আলোকে বলেন, বহু আগে থেকেই আমরা ঋত্বিক ঘটকের শৈশব, কৈশোর ও তারুণ্যের স্মৃতিবিজড়িত এই ভিটায় ‘ঋত্বিক ফিল্ম সেন্টার’ গড়ে তোলার আহ্বান জানিয়ে এসেছি।