আবাসিক হোটেল, রেস্তোরাঁ, ফাস্ট ফুড, মিষ্টান্ন ভান্ডার, বিউটি পারলার, তৈরি পোশাকের দোকান, ডিপার্টমেন্টাল স্টোরসহ ২৪ ধরনের ব্যবসায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে হিসাব রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এসব ব্যবসায় কাগজে-কলমে হিসাব রাখার দিন শেষ। দিনে ১৩ হাজার ৭০০ টাকার বেশি বেচাকেনা হলেই স্বয়ংক্রিয়ভাবে হিসাব রাখতে হবে। সে জন্য এখন থেকে ২৪ ধরনের ব্যবসায় ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর), ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি), সেল ডেটা কন্ট্রোলার (এসডিসি) কিংবা পয়েন্ট অব সেলস (পিওএস) সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
১৩ জুন থেকে ২৪ ধরনের ব্যবসায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে হিসাব রাখা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতিমধ্যে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিভাগ থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বছরে ৫০ লাখ টাকার বেশি লেনদেন হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হিসাব রাখতে হবে। অর্থাৎ নতুন ভ্যাট আইন অনুযায়ী বার্ষিক লেনদেন ভ্যাটমুক্ত সীমার ওপরে উঠলেই ইসিআর মেশিন, ইএফডি, এসডিসি, পিওএস ব্যবস্থা থাকতে হবে। নতুন ভ্যাট আইনটি আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন করা হবে।






