ইতি টানার ঘোষণা দিলেন জর্দি আলবা

ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন ইন্টার মিয়ামি তারকা জর্দি আলবা। মিয়ামির জার্সিতে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পেন ও বার্সেলোনার সাবেক লেফট ব‍্যাক। মঙ্গলবার এক ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে ৩৬ বছর বয়সী আলবা বলেন, ‘আমাদের জীবনের খুবই অর্থবহ একটি অ‍ধ‍্যায়ের সমাপ্তি টানা সময় এসেছে। এই মৌসুম শেষে আমি নিজের পেশাদার ফুটবল ক‍্যারিয়ারের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমি সেটা করছি সম্পূর্ণ প্রতীতি, শান্তি ও সুখের সঙ্গে। কারণ, আমি অনুভব করছি এই পথে আমি হেঁটেছি আমার সম্পূর্ণ আবেগ নিয়ে এবং সম্ভাব‍্য সেরা উপায়ে আগের অধ‍্যায়ের সমাপ্তি টেনে নতুন অধ‍্যায় শুরু করার এটাই সঠিক সময়।’