ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রেক্ষাপটে রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে পাওয়া প্রমাণের ভিত্তিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন নেতা-কর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ইডেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি ধাওয়ায় শনিবার রাত থেকে শুরু করে রোববার দিনভর উত্তাপ ছিল ক্যাম্পাসে। সন্ধ্যায় সংঘর্ষও হয়েছে। এ ঘটনা নিয়ে সব মহলে চলছিল সমালোচনা।