আফগানিস্তানে গৃহযুদ্ধ

তালেবান ক্ষমতা দখলের পর থেকে তীব্র সংকটের মধ্যে দিন কাটছে আফগানিস্তানে। এমন পরিস্থিতিতে দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন সেনাদের সর্বোচ্চ পদধারী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। স্থানীয় সময় গতকাল শনিবার তিনি এমন ইঙ্গিত দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাজধানী কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে এলেও সংঘাত থামেনি। দেশটির পানশির প্রদেশে বিরোধীদের সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে। সেখানে বহু হতাহতের দাবি করেছে তালেবান ও বিরোধীরা। পাশাপাশি ভেঙে পড়তে চলেছে আফগানিস্তানের অর্থনীতি। দেশটির ব্যাংকগুলো এখন প্রায় অর্থশূন্য। বন্ধ রয়েছে বিভিন্ন আর্থিক সহায়তাও। এর মধ্যে কাবুল, হেরাতসহ বিভিন্ন অঞ্চলে অধিকার আদায়ের দাবিতে নেমেছেন আফগান নারীরা। এসব বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তালেবানের হামলা চালানোর ঘটনাও ঘটেছে।