ভয়ানক এক দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের দেশে কদিন আগে। কোনো আগাম বার্তা ছাড়াই গভীর রাতে বাংলাদেশের আটটি জেলা প্লাবিত হয়ে গেল। প্রত্যন্ত স্থানগুলোতে মোবাইল ফোন কাজ করছে না, ইন্টারনেটও নেই, ব্যাহত যোগাযোগব্যবস্থা। এ রকম পরিস্থিতিতে অ্যামেচার রেডিও বা হ্যাম অপারেটররাই পারেন দ্রুত জরুরি যোগাযোগ (ইমারজেন্সি কমিউনিকেশন) দিয়ে সহায়তা করতে। যখন আধুনিক যোগাযোগব্যবস্থা সব বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কোনো অ্যামেচার রেডিও অপারেটর তাঁর নিজস্ব বেতারযন্ত্র দিয়ে যোগাযোগের চেষ্টা করে থাকেন।
বন্যার দুদিন পরে অস্ট্রেলিয়া থেকে রবিন (অ্যামেচার রেডিও পরিচিতি নম্বর: ভিকে২ভিআরবি/এস২১আরবি) কল করে বললেন, দেশের অ্যামেচার রেডিওর অপারেটররা এরই মধ্যে দুর্যোগপূর্ণ স্থানে চলে গেছেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে বেতার বা রেডিও যোগাযোগ স্থাপন করেছেন। জেলো অ্যাপ দিয়ে ‘ফ্লাড কন্ট্রোল’ গ্রুপে আমিও যুক্ত হলাম ঢাকার অ্যামেচার রেডিও বন্ধুদের সঙ্গে।




