অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন

অর্থনীতিতে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নরডাস ও পল এম. রোমার। আজ সোমবার স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করে।

নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে উইলিয়াম ডি. নরডাসকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর পল এম রোমারকে এই পুরস্কার দেওয়া হয়েছে প্রযুক্তিগত উদ্ভাবনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে।

উইলিয়াম ডি নরডাস যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক। ১৯৪১ সালে তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। ইয়েল ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেন তিনি।

পল এম রোমার চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের ডেনভারে জন্মগ্রহণ করেন। শিকাগো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি।

LEAVE A REPLY