অনলাইনে কেনাকাটা বেড়েছে

করোনা মহামারির কারণে প্রায় সব খাতের ব্যবসাই খারাপ হয়েছে। কিন্তু ব্যতিক্রম কুরিয়ার সেবা খাত। সরকারি নির্দেশে রাস্তায় যখন গাড়ি চলাচল বন্ধ, অফিস-আদালত, দোকানপাটও বন্ধ, এমনকি বিনা প্রয়োজনে মানুষের হাঁটাচলা করতেও মানা, এমন দমবন্ধ সময়ে আগের তুলনায় বেশি সচল থেকেছে কুরিয়ার সেবা।

করোনার কারণে ঘরবন্দী মানুষের দুয়ারে নিত্যপণ্য, খাবার, ওষুধ, জামা ইত্যাদি পণ্য পৌঁছে দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে কুরিয়ার সেবাদাতা কোম্পানিগুলো। কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সমিতি কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিএসএবি) নিজেই বলছে, করোনার কারণে এই সময়ে যেহেতু অনলাইনে কেনাকাটা বেড়েছে, তাতেই ব্যবসা বেড়েছে তাদের।

এই সময়ে নতুন নতুন অনলাইন কুরিয়ার সেবাদাতা কোম্পানিও গড়ে উঠেছে দেশে। এটাও ব্যবসা বৃদ্ধির আরেক কারণ। তবে প্রকৃতপক্ষে দেশে কতটি কুরিয়ার সার্ভিস কোম্পানি রয়েছে, তার কোনো হিসাব নেই। সিএসএবির অনুমান, দেশে ৫০০-এর মতো কুরিয়ার সার্ভিস কোম্পানি থাকতে পারে। তার মধ্যে সিএসএবির সদস্য ১৩৯।