পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, আমরা বাংলাদেশকে অতীত ভুলে যেতে বলবো না, কিংবা আমাদের ক্ষমা করে দিতেও বলবো না। অতীত অতীতই, আমরা সামনে তাকাতে চাই। বর্তমানে আমাদের যেসব সমস্যা রয়েছে তা সমাধানে কাজ করতে চাই। সন্ত্রাসবাদ ও দারিদ্র্য মোকাবিলা করে উন্নয়নের জন্য শান্তি এবং সহাবস্থান নিশ্চিত করার তাগিদ দেন তিনি। ইসলামাবাদে দেশটির তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে তিক্ততা যেমন আছে সুখেরও কিছু মুহূর্ত আছে। আমরা সেই সুখের দিকগুলোতে দৃষ্টি দিতে পারি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য পাকিস্তান বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অতীতকে উপেক্ষা করছি না। অবশ্যই আমাদের অতীতের তিক্ততার স্মৃতি আছে। আমাদের তার মধ্যেও একসঙ্গে কাজ করতে হবে। বৃটিশরা চারশ’ বছর এ উপমহাদেশে দুঃশাসন চালিয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, এখন বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সেই বৃটিশদের সঙ্গে সুসম্পর্ক রেখেই কাজ করছে। সেখানে একসঙ্গে চলতে পারলে বাংলাদেশ-পাকিস্তান নিজেদের ভবিষ্যৎকে গড়ে তুলতে কেন একসঙ্গে কাজ করতে পারবে না। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি শুধু এই কথাটিই বলবো- উভয় পক্ষের এমন কিছু করা উচিত হবে না, যা আমাদের দুইদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হয়। আমরা বাংলাদেশের স্বার্বভৌমত্বকে যেদিন থেকে স্বীকার করে নিয়েছি, ওটাই ছিল দুইদেশের মধ্যে সংহতি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আমাদেরকে বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে সবকিছু দেখতে হবে। আমরা যদি খোলা মনে আলোচনায় বসি, তাহলে আমরা সম্পর্কের অনেক ইতিবাচক দিক খুঁজে পাওয়া যাবে বলে আশা করেন তিনি।






