ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পূর্বনির্ধারিত আলোচনায় যোগ দেওয়ার জন্য জাহাঙ্গীরনগর যাইনি, দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলন কর্মসূচিতে আজ যোগ দেওয়া হয়নি। আমার শিক্ষক ও সহকর্মী নৃবিজ্ঞান বিভাগের সভাপ্রধান অধ্যাপক সাঈদ ফেরদৌসের ফোন পেলাম যে তাঁদের ওপর ছাত্রলীগের হামলা হচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই আরও হামলার খবর পেলাম এবং একের পর এক হামলার আরও ছবি আসতে থাকল। দেখলাম একজন ছাত্রীকে লাথি মারা হয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটি। ছবিতে আরও দেখলাম শান্তিপূর্ণভাবে উপাচার্য ভবন অবরোধকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র সহিংস হামলা, যেখানে তাঁদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে হামলায় তদারকি করছিলেন উপাচার্যের পক্ষের শিক্ষক বাহিনী। আশ্চর্য হয়ে ভিডিওতে জাহাঙ্গীরনগরে আমার একজন শ্রদ্ধাভাজন বিশিষ্ট বিজ্ঞানীকে দেখালাম এর পুরোভাগে, এক তরুণ শিক্ষক নেত্রীকে দেখলাম আন্দোলনকারীদের উদ্দেশ্যে গলা ফুলিয়ে বারবার চিৎকার করে বলছেন ‘প্রশাসনিক দায়িত্ব পালন করতে এখানে এসেছি’, ‘ক্লাস নিয়েছি, ক্লাস নিয়েছি’ ইত্যাদি!
নিয়মতান্ত্রিকভাবে অহিংস আন্দোলনকারীদের ওপর শারীরিকভাবে বলপ্রয়োগ করা, সংঘবদ্ধভাবে হামলা করা, ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার লেলিয়ে দিয়ে ৩৫ জন শিক্ষক-শিক্ষার্থীকে আহত করা তাহলে প্রশাসনিক কাজের আওতায় পড়ে? এই ক্লাস কি শেখানোর ক্লাস? অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়াকে আহত অবস্থায় একটা ছবিতে দেখা যাচ্ছে, সেখানে ছাত্রলীগের এক কর্মীর হাতে আগ্নেয়াস্ত্র, অধ্যাপক সাঈদ ফেরদৌস মাটিতে পড়ে আছেন, অধ্যাপক মীর্জা তাসলিমার পায়ে ব্যান্ডেজ লাগানো হয়েছে, দেখালাম অধ্যাপক রায়হান রাইন আহত। এঁরা সবাই আমাদের একান্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন সহকর্মী ও পথপ্রদর্শক। এঁদের দৃঢ় মনোবল, সাহস ও প্রজ্ঞা আমাদের শক্তি ও অনুপ্রেরণা। এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগরের শিক্ষক সমিতির বিস্ময়কর নীরবতার জন্য সম্পাদকসহ চারজন পদত্যাগ করেছেন।
উপাচার্য পরিস্থিতি সামাল দিতে না পেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করেছেন এবং ছাত্রাবাসগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে অস্বীকার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পত্রিকায় দেখলাম, উপাচার্য ফারজানা ইসলাম ছাত্রলীগের কাছে এই হামলা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন তিনি আজ অত্যন্ত খুশি। ছাত্রনামধারী এক পেটোয়া বাহিনীর কাছে একজন উপাচার্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, জেনে বিস্মিত হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। এই নির্লজ্জতা যেন দিকশূন্য অন্ধকারের মতো সীমা হারিয়ে ফেলেছে। তিনি কি ভাবছেন এভাবে পেশিশক্তির সাহায্যে কোনো বিশ্ববিদ্যালয় চালিয়ে যাওয়া যায়? এই কি বিশ্ববিদ্যালয় ‘ম্যানেজ’ করার কায়দা? বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ভূলুণ্ঠিত করে, সব ধরনের একাডেমিক রীতি-রেওয়াজ লঙ্ঘন করে, শিক্ষা-সৌজন্য-শিষ্টাচারের সব ধরনের নীতি পরিহার করে ইনি বলপ্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ে পদ আঁকড়ে অবৈধ উপায়ে কেবল টাকাপয়সা, সুযোগ-সুবিধা, ক্ষমতার সুখ ভোগ করতে চান?






