মোবাইল কোর্ট চলুক হাইকোর্টের অধীনে

মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগ পৃথক্‌করণের এক যুগ পূর্তির তারিখ ১ নভেম্বর নীরবে চলে গেল। সংশ্লিষ্টদের সম্ভবত বলার তেমন কিছু ছিল না। আমরা সম্ভবত মেনে নিয়েছি যে বিশ্বের অন্য কোথাও না থাকলেও বাংলাদেশে সরকারি কর্মকর্তারা মোবাইল কোর্ট চালাবেন। সুতরাং করণীয় কী?

এক যুগের অভিজ্ঞতায় একটা বাস্তবসম্মত সমাধানসূত্র হাজির করা ছাড়া আর তো গত্যন্তর দেখি না। সে কারণেই কয়েকটি জরুরি কথা পরিষ্কার করে বলা। বিচার বিভাগ পৃথক্‌করণ নিয়ে এর আগে যত লেখা লিখেছি, তাতে অধস্তন আদালতের প্রায় আঠারো শ বিচারক নিয়েই কথা বলেছি। এবার তা করব না। শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে বলব। তাঁরা সংখ্যায় ছয় শর বেশি। গত ১২ বছরে তাঁদের ঘাড়ে মামলা চেপেছে ৮৮ লাখের বেশি। তাঁদের মামলা নিষ্পত্তির হার গড়ে ৯৫ শতাংশের বেশি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একরামুল হক শামীম হিসাব করে বের করেছেন যে ২০০৮ সালে ম্যাজিস্ট্রেসির নিষ্পত্তির হার ছিল ৮৬ দশমিক ৮৮ শতাংশ। পরের ১২ বছরের মধ্যে এমন তিনটি বছর কেটেছে, যখন নিষ্পত্তির হার ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে।

এই ম্যাজিস্ট্রেট আদালতগুলোই সিংহভাগ মামলার প্রবেশদ্বার। তাঁরা অনধিক ৫ বছর কারাদণ্ড দিতে পারেন। এই রকম অপরাধের বিচারের পাশাপাশি তাঁরা মামলা গ্রহণ, জামিন, পিটিশন, নারাজি ইত্যাদি শুনানি করেন। আমরা প্রস্তাব দিই, তাঁদের দিয়েই মোবাইল কোর্ট চালানো হোক। ভারতের সুপ্রিম কোর্ট ভ্যান নামিয়েছেন। আমাদের এখানেও নামুক। হাইকোর্টের মোবাইল কোর্ট মানে হাইকোর্ট–নিয়ন্ত্রিত মোবাইল কোর্ট। তাঁরা সপ্তাহের এক–দুই দিন উপজেলা সদরগুলোয় যাবেন। ওই ভ্যানের মধ্যে লিগ্যাল এইডের আইনজীবীরা থাকবেন। যাঁরা আইনজীবী নিয়োগে অপারগ, তাঁরা আইনি সহায়তা পাবেন। সমাজে এ মুহূর্তে সবচেয়ে যা বেশি দরকার তা হলো, ন্যায়বিচারের বোধ। রাষ্ট্রযন্ত্রের যে অঙ্গীকার আছে, সেটা বিশ্বাসযোগ্যতার সঙ্গে প্রকাশ করা। কিন্তু যাচ্ছি যেন আমরা উল্টো দিকে। ভয় দেখিয়ে ন্যায়বিচার হবে না। ন্যায়বিচার ছাড়া সমাজে শান্তি আসবে না। মোবাইল কোর্টের তাৎক্ষণিক বিচারের দর্শন আসলে ভীতি ছড়ানোর দর্শন। ভয় দেখানোর যন্ত্রগুলো জনপ্রিয় করে তোলার চেষ্টা আত্মঘাতী। বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান নারী নির্যাতন, ধর্ষণের রাশ টানেনি।

আমরা অবশ্যই দ্রুত বিচার চাই। হাইকোর্টের মোবাইল কোর্টগুলো সীমিত ক্ষেত্রে তাৎক্ষণিক রায় দেবেন। কিন্তু তাঁরা তা দেবেন দেশের প্রচলিত আইনের আওতায়। প্রমাণ দিতে হবে যে দেশের প্রচলিত আইনের অধীনেও দ্রুত বিচার করা যায়। কিন্তু তাতে ভুল বা গুরুতর ভুল আদেশের আশঙ্কা কম। এই প্রস্তাব আমরা সংশ্লিষ্টদের ভেবে দেখতে বলি। বিশেষ করে, সুপ্রিম কোর্ট বারসহ বার কাউন্সিল ও জেলা বারগুলো গুরুত্বের সঙ্গে ভেবে দেখতে পারে। তারা প্রস্তাব তুললে হাইকোর্টের পক্ষে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। সংবিধানের ১০৯ অনুচ্ছেদে বলা হয়েছে, হাইকোর্ট অধস্তন আদালত নিয়ন্ত্রণ করবেন। অধস্তন আদালত মানে যাঁরা ম্যাজিস্ট্রেসি চালান। সেই অর্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তা তাঁরা যে যেখানেই থাকুন না কেন, যাঁদের আমরা ঈদে বা অন্য সময়ে ভেজাল খাবার, ভেজাল ওষুধ ধরা বা র‌্যাবের সঙ্গে ক্যাসিনো অভিযানে দেখি, তাঁদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধানের দায় হাইকোর্টের ওপর আপনা–আপনি বর্তায়। এখন তা শুধু জনপ্রশাসনই করছে। কেউ বলতে পারেন তাঁরা সেটা দায়িত্বশীলতার সঙ্গে করছেন। কিন্তু সংবিধান তাঁদের সেই দায়িত্ব দেয়নি। কারণ, ম্যাজিস্ট্রেসি নিয়ন্ত্রণ করার ভার সংবিধান নির্দিষ্টভাবে হাইকোর্ট বিভাগকে দিয়েছে।

LEAVE A REPLY