‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধীতাকারীরা জামায়াত সংশ্লিষ্ট’

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাকারীদের বেশিরভাগই জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে মন্তব্য করেছেন বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বাংলাদেশের উন্নয়নের গতি রোধ করার জন্যই তারা এমনটি করছে বলে দাবি করেছেন তিনি। শনিবার রাতে রাজধানীতে এক আলোচনা সভায় বিপু বলেন, আমরা এনালাইসিস করে দেখলাম, আপনি ফেইসবুকে গেলেই দেখবেন কোনো না কোনো ভাবে জামায়াত এটার সাথে যুক্ত। যারা রামপাল নির্মাণে নিবৃত করছেন, তারা অধিকাংশই জামায়াত সংশ্লিষ্ট। বাংলাদেশে উন্নয়নের যে গতি এসেছে, যেভাবে হোক এটা তাদের থামাতে হবে। শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশ কখনই যেন বিশ্বে সবার ওপরে না দাঁড়াতে পারে সেজন্যই জামায়াত সংশ্লিষ্টরা এ কাজ করছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
রাজধানীর লেক ক্যাসেল হোটেলে ‘বাংলাদেশের উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশ এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন। বিদ্যুৎপ্রতিমন্ত্রী বিপু আরও বলেন, যারা এ বিদ্যুৎকেন্দ্রর বিরোধিতা করছেন, তারা নিশ্চয়ই জানেন এ বিদ্যুৎকেন্দ্র দিয়ে ক্ষতি হবে কী- হবে না। রাজনৈতিক উদ্দেশ্যেই রামপাল বিদ্যুৎকেরে বিরোধিতা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সভায় বিদ্যুৎকেন্দ্র বিশেষজ্ঞ ও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির প্রজেক্ট অফিসার সালেক সূফি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যদের মধ্যে ড. এজাজ আহমেদ, ড. আনসারুল করিম, প্রকৌশলী বায়েজিদ কবির ও ড. আঞ্জুমান ইসলামসহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY