যাদের ক্রিকেট ঐতিহ্য এত প্রাচীন, এত সমৃদ্ধ, যাদের ক্রিকেট কাঠামো এত শক্তিশালী—সেই ইংল্যান্ড কেন বিশ্বকাপ শিরোপা জেতে না? শুধু শক্তিশালী ক্রিকেট অবকাঠামোই নয়, শুধু সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্যই নয়, খেলাটার আবিষ্কারকও তো ইংলিশরাই। যে খেলাটা তারা জন্ম দিল, পুরো বিশ্বে ছড়িয়ে দিল, সেটির শিরোপা তাদের পেতে কেন এত অপেক্ষা?
অস্ট্রেলিয়ার ক্রিকেট অবকাঠামো কিংবা ঐতিহ্য ইংলিশদের মতোই। অস্ট্রেলিয়ানরা পাঁচটি বিশ্বকাপ শিরোপা জিতে নিজেদের নামের সুবিচার অনেকবারই করেছে। ইংল্যান্ড যেন কোথায় বারবার থমকে যাচ্ছিল। ১৯৭৯, ১৯৮৭, ১৯৯২—তিন বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের স্বপ্ন কেড়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া আর পাকিস্তান। এতবার ফাইনাল খেলে বিশ্বকাপ না-জেতার দুঃখ আর কোনো দলেরই ছিল না।






