স্বার্থপর বিজ্ঞানী ও একটি প্রতিভার অপমৃত্যু

নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করার লোকের অভাব এই সভ্য সমাজেও হয় না। সমাজের যাঁরা দণ্ডমুণ্ডের কর্তা, তাঁরাও আছেন এই দলে। তাই বলে বিজ্ঞানীরা! তাও যেনতেন বিজ্ঞানী নন। ইতিহাসের পাতায় যাঁদের নাম সোনার হরফে ছাপা হয়ে গেছে, কর্মগুণে নিজেদের তুলেছেন অন্য এক উচ্চতায়, মানবসভ্যতা যাঁদের অবদানকে কুর্নিশ করে, সেই বিশ্ববরেণ্য বিজ্ঞানীরা শঠতা আর নীচতায় কুটিল লোককেও হার মানান—ইতিহাসে এমন নজির কিন্তু কম নেই। বিখ্যাত মার্কিন উদ্ভাবক টমাস আলভা এডিসনের কুটিলতায় আরেক বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার জীবনে নরক নেমে এসেছিল।

১৮৮৮ সাল। যুক্তরাষ্ট্রের ম্যানহাটন। অজস্র লোক জড়ো হয়েছেন রাস্তার মোড়ে। তামাশা দেখতে। সাধারণ লোক তো বটেই, সাংবাদিকেরাও আছেন সেই লোকের ভিড়ে। তামাশাটা দেখাবেন বিখ্যাত মার্কিন উদ্ভাবক, লোকে যাঁকে আক্ষরিক অর্থেই ‘আলোক পুরুষ’ ভাবেন, যিনি কিছুদিন আগে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে পৃথিবীর বুক থেকে অন্ধকার হটানোর রাস্তা পরিষ্কার করেছেন, সেই টমাস আলভা এডিসন রচনা করতে চলেছেন এক অন্ধকার ইতিহাসের অধ্যায়। রাস্তার মোড়ে একটা কুকুরকে বেঁধে রেখেছেন তিনি। সেটাই আপাতত বলির পাঁঠা। কুকুরের গাঁয়ে বিদ্যুতের তার জড়িয়ে দিয়েছেন এডিসন। তারপর সেই তারে দিলেন বিদ্যুৎ-সংযোগ। প্রচণ্ড শকে কেঁপে উঠল কুকুরটা। দুমড়েমুচড়ে গেল ওটার শরীর। সঙ্গে যন্ত্রণাকাতর চিৎকার। আসলে বিদ্যুতের এই ভয়াবহতাই এডিসন সাংবাদিক আর সাধারণ মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য কিন্তু জনসচেতনতা বা জনকল্যাণ নয়, বরং নিজের স্বার্থসিদ্ধির জন্য সব প্রতিপক্ষকে কাবু করার জঘন্য পাঁয়তারা।

LEAVE A REPLY