শিক্ষার্থীদের মেধা বিকাশ ও যুক্তিবাদী মানস গঠনের পাশাপাশি সমাজের সুস্থ ধারা ফিরিয়ে আনার জন্য বিতর্কচর্চার ওপর জোর দিয়েছেন এক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, বর্তমানে সমাজে যে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে, তার থেকে বেরিয়ে আসার একটা উপায় হতে পারে বিতর্কচর্চা। তাই এই প্রক্রিয়াকে বেগবান করতে পাঠ্যক্রমে বিতর্কচর্চার বিষয়টি বাধ্যতামূলক করার সুপারিশ করেছেন তাঁরা।
রোববার ‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব’ এর আওতায় ‘প্রতিটি বিদ্যালয়ে চাই বিতর্কচর্চা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। কারওয়ান বাজারের সি এ ভবনে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনায় বিতার্কিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পৃষ্ঠপোষক, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিক ও শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।






