রাজশাহীতে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ১

রাজশাহীতে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে কৌশিক আহম্মেদ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর সাহেববাজার ওভার ব্রীজের ওপর এ ঘটনা ঘটে।
হামলার শিকার ব্যবসায়ী নিজেই ওই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছেন। আটককৃত যুবক নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ব্যবাসয়ী আমানুল্লাহ মাসুদ জানান, দুপুর ১২টার দিকে তিনি সোনালী ব্যাংক রাজশাহীর কর্পোরেট শাখা থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে ওভার ব্রীজ দিয়ে সাহেব বাজারে আসছিলেন। ওভার ব্রীজে ওঠার পর পেছন দিক থেকে এক যুবক তার মাথায় রডের আঘাত করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু নিজেকে সামলে কোন রকমে তিনি আবার উঠে দাঁড়ান। এদিকে আঘাত করেই ছিনতাইয়ের চেষ্টাকারী যুবক কৌশলে পালিয়ে যায়। তবে কৌশলে ওই ব্যবসায়ী তার পিছু নিয়ে নগরীর সাহেব বাজার বড় মসজিদের কাছে এসে লোহার রডসহ ওই যুবককে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে দেয়া হয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ওই যুবকের কাছ থেকে লোহার রড জব্দ করা হয়েছে। হামলার শিকার ব্যবসায়ী থানায় মামলা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY