আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৩’–এর ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গতকাল সোমবার ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস সম্মেলনে আইওএসের নতুন সংস্করণের পাশাপাশি আইপ্যাডের জন্য ‘আইপ্যাডওএস’ নামে পৃথক এক অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আইপ্যাডে নতুন ওএসের পাশাপাশি ‘আইওএস ১৩’–এর সব সুবিধা পাওয়া যাবে।
আইফোন ৬এস বা তার পরের সব সংস্করণের জন্য আইওএস ১৩ বিনা মূল্যে হালনাগাদ করার সুযোগ দেবে অ্যাপল। এর অর্থ, যাঁরা আইফোন ৬ বা তার আগের সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা আর নতুন ওএস পাবেন না। আইপ্যাড ওএসের সুবিধা পাবেন আইপ্যাড এয়ার ২ ও এর পরবর্তী আইপ্যাড প্রো মডেল, আইপ্যাড পঞ্চম প্রজন্ম ও পরবর্তী সংস্করণ এবং আইপ্যাড মিনি ৪ ও পরের সংস্করণ ব্যবহারকারীরা।






