বরাবরের মতো এবারও নির্দিষ্ট সময়সীমার মধ্যে শ্রমিকের ঈদ বোনাস দিলেন না প্রায় অর্ধেক পোশাকশিল্পের মালিক। অথচ তাঁদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা গতকাল ৩০ মের মধ্যে বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছিলেন।
কয়েকজন শ্রমিকনেতা বলছেন, বড় পোশাক কারখানাগুলো গতকাল পর্যন্ত শ্রমিকের ঈদ বোনাস দিয়েছে। ছোট ও মাঝারি কারখানাগুলো আগামী রোববার ও সোমবারের মধ্যে মজুরির সঙ্গে বোনাস দেওয়ার আশ্বাস দিচ্ছে। অন্যদিকে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা দাবি করছেন, তাঁদের অধিকাংশ সদস্য কারখানাই বোনাস পরিশোধ করেছে।






