‘আগুন আর কতোটুকু পোড়ে?
সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ,
মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস।
আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে,
হোক না তা ধূসর শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।’
কবি হেলাল হাফিজের লেখা এই কবিতার নাম ‘মানবানল’। ‘যে জলে আগুন জ্বলে’ নামের কাব্যগ্রন্থে ছিল এটি। কবিতাটির পঙ্ক্তিগুলোর আক্ষরিক অর্থ আজকের সময়ে বড্ড মিলে যাচ্ছে। প্রকৃতির সৃষ্ট ‘আগুন’ হয়তো মেনে নেওয়া যায়, প্রতিরোধের ব্যবস্থাও নেওয়া যায়, আবার দিনশেষে প্রকৃতির ওপর দোষ চাপানোও যায়! কিন্তু মানুষের সৃষ্ট আগুনে যখন মানুষ মরে, তখন তা থেকে সান্ত্বনার উপায় কী? দোষ কাকে দেবেন, নিজেদের? এ ছাড়া আর উপায়ই–বা কী!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক স্বজনের আহাজারি। ছবি: শুভ্র কান্তি দাশ রাজধানীর চকবাজার এলাকায় গত বুধবার রাত ১০টার কিছু পরে আগুন লাগে। ওয়াহেদ ম্যানশনে লাগা আগুন পরে ছড়িয়েছে আশপাশের কয়েকটি ভবনে। জানা গেছে, আগুনের লেলিহান শিখা থেকে রেহাই পায়নি রাস্তায় থাকা মানুষও। এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়েই চলছে। হাসপাতালের মর্গে মৃতদেহের সঙ্গে পাল্লা দিয়ে কয়েক গুণে বাড়ছে স্বজনদের ভিড়। তাঁদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে গেছে চারপাশের বাতাস। ধীরে ধীরে এই দীর্ঘশ্বাস চলে যাবে দেশের নানা কোণে, প্রিয়জনের পুড়ে অঙ্গার হয়ে যাওয়া লাশ নিয়ে স্বজনেরা ফিরবেন বাড়িতে।






