পূর্ব লন্ডনে নিজ অফিসে ছুরিকাঘাতে নিহত কমিউনিটি নেতা জাকারিয়া ইসলামের হত্যাকারী ভারতীয় বংশোদ্ভত আশফাক চৌধুরীর উপযুক্ত শাস্তির দাবীতে সমাবেশ আহবান করা হয়েছে। পরিবার ও বন্ধ-বান্ধবদের উদ্যোগে ‘জাস্টিস ফর জাকারিয়া ইসলাম’ শীরোনামে আয়োজিত এই সমাবেশ আগামী ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হবে।
এতে বক্তব্য রাখবেন বেথনাল গ্রীন ও বো আসনের এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, মুসলিম কাউন্সিল অব বৃটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান, হাড্রেড ফ্যামেলীজ এর প্রতিষ্ঠাতা জুলিয়ান হেনডি, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইউম, ব্যারিস্টার টবি ক্যাডম্যান ও ফিন্সব্যারী পার্ক মসজিদে হামলাকারীর নিরাপত্তা প্রদানকারী ইমাম শায়খ মুহাম্মদ মাহমুদ। উক্ত সমাবেশে নিহত জাকারিয়া ইসলামের ন্যায় বিচার নিশ্চিত করার দাবীতে কমিউনিটির সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।






