মন ভালো রাখতে আমরা কত কিছুই না করি। আদৌ কি মন ভালো হয়? কর্মজীবনের ব্যস্ততা এড়িয়ে মন ভালো রাখা কঠিন কাজগুলোর একটি। দৈনন্দিন জীবনে চাপ এড়িয়ে কীভাবে মন ভালো রাখবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রযুক্তিবিদ ও লেখক ম্যাক্স লুকোমিনেস্কি। তাঁর পরামর্শ হলো—
অন্যকে নিয়ে কথা বলবেন না: আমরা যেকোনো আড্ডায় অন্যদের নিয়ে কথা বলতে পছন্দ করি। আমাদের পছন্দ হলেও বিষয়টি কিন্তু আসলে নেতিবাচক। অবচেতন মনে অন্যদের নিয়ে কথা বলতে বলতে আমরা নেতিবাচক কথার দিকে চলে যাই। অন্যদের নিয়ে কথা বলার অভ্যাস পরিহার করুন। চেষ্টা করুন নতুন নতুন ধারণা নিয়ে কথা বলতে। নতুন কোনো বই, সিনেমা কিংবা ঘোরাঘুরি নিয়ে পরিকল্পনা করুন। যতটা সম্ভব আলাপ–আলোচনায় নতুনত্ব আনার চেষ্টা করুন।
হিংসা করবেন না: আমাদের জীবনে অনেক ব্যর্থতা আছে। ব্যর্থতা ছাড়া জীবন কি এগোয়? সেই ব্যর্থতার অছিলায় আমরা অন্যদের হিংসা করি। কখনো সজ্ঞানে আবার কখনো অবচেতনভাবে। হিংসায় বশবর্তী হয়ে কখনোই কোনো কাজ করবেন না বা অন্যের ক্ষতি করবেন না। মনে রাখবেন, হিংসা করে কখনোই সুখী কিংবা সফল হওয়া যায় না।






