জয়ার ‘দেবী’ মাঝ-অক্টোবরে

কথা ছিল, এ বছরের ৭ সেপ্টেম্বরে মুক্তি পাবে প্রযোজক জয়া আহসানের সিনেমা ‘দেবী’। কিন্তু এখন জানালেন ভিন্ন কথা। জয়া জানালেন, সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাচ্ছে না। প্রথম আলোকে আজ শনিবার সকালে তেমনটাই নিশ্চিত করলেন জয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবরে মুক্তি পাবে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত ছবি ‘দেবী’।

এদিকে ‘দেবী’ ছবির মুক্তি উপলক্ষে প্রচারণা বেশ জোরেশোরেই শুরু করেছিলেন প্রযোজক জয়া আহসান আর এই ছবির অন্য কলাকুশলীরা। বিষয়টি নিয়ে জয়া আহসান প্রথম আলোকে বলেন, ‘আমরা একটু ভিন্নভাবে এই ছবির প্রচার করছি। ফ্যাশন হাউস বিশ্বরঙ এই ছবির প্রচারণায় যুক্ত হয়েছে। সামনে ভিন্ন ধরনের আরও প্রচারণার পরিকল্পনা আছে। এ ছাড়া আমরা ছবির শিল্পী-কলাকুশলীরা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও ওয়েব পোর্টালের মাধ্যমে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে দর্শকদের উৎসাহিত করছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটির প্রচারণা চলছে। আজ নতুন একটি গানও প্রকাশিত হয়েছে। “দোয়েল পাখি কন্যারে” শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ।’

অক্টোবরের কত তারিখ ‘দেবী’ ছবিটি মুক্তি পাবে? জয়া বলেন, ‘তারিখ চূড়ান্ত করিনি। তবে অক্টোবরের মাঝামাঝি মুক্তি দিচ্ছি, এটা নিশ্চিত।’

LEAVE A REPLY