প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মডেল ও অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে স্বামী এহসান রহমান জিয়ার ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার একমাত্র কন্যা প্রকৃতির সঙ্গে ঈদের আনন্দ পরিপূর্ণভাবে অনুভব করার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর উপযুক্ত ভাষা আমার জানা নেই। তিনি বাংলাদেশের ১৬ কোটি মানুষের একজন পরীক্ষিত, প্রকৃত ও সুযোগ্য অভিভাবক, এই ভূমিকার বাইরেও তিনি যে একজন মমতাময়ী মা, তা আবারও আমি নিজে একজন মা হিসেবে বুঝতে পেরেছি।’
নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার কাজী নওশাবা আহমেদ ঈদের আগের দিন জামিনে মুক্তি পেয়েছেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার কাজী নওশাবা আহমেদ গত মঙ্গলবার সন্ধ্যার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। তথ্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় প্রতিবেদন দাখিলের ধার্য তারিখ ১ অক্টোবর পর্যন্ত নওশাবার অন্তর্বর্তীকালীন জামিন বহাল থাকবে।






