ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের বর্ষপূর্তি ৫ আগস্ট। এই দিবস সামনে রেখে নাশকতার বহুমুখী ষড়যন্ত্র চলছে। পতিত স্বৈরাচার ও তার শাসনামলের সুবিধাভোগীরা দেশ-বিদেশে নানা ফন্দি আঁটছে ড. ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলার। সম্প্রতি তারা জোরদার করেছে এই প্রক্রিয়া। ৫ আগস্টের আগেই বড় ধরনের নাশকতার একটি পরিকল্পনার তথ্য ধরা পড়েছে গোয়েন্দা জালে। এ জন্য সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে বার-কয়েক উল্লেখ করেছেন তার সরকারের যুদ্ধাবস্থার কথা। অবস্থাদৃষ্টে মনে হয়, ত্রিমুখী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। তার সরকারের এই যুদ্ধ পতিত স্বৈরাচার, ভারত ও নির্বাচন ইস্যুতে দেশের প্রধান বিরোধী দলের সঙ্গে।
এ ছাড়া বড় ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে সরকারের বড় অংশীদার সেনাবাহিনীর সঙ্গে। তার সরকারেরই একটি মহল কৌশলে জিইয়ে রেখেছে এই যুদ্ধ, যা ড. ইউনূস সরকারকে যেমন দুর্বল করছে, তেমনি ঠেলে দিচ্ছে বড় ধরনের ঝুঁকির মুখে। ড. ইউনূসের সঙ্গে তার নিয়োগদাতাদেরও চলছে মনোমালিন্য। এমনিতে উপদেষ্টা পরিষদ এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের দুর্বলতা অনেকটা ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে সরকারকে। উপদেষ্টা নিয়োগে স্বজনপ্রীতি, আঞ্চলিকতা এবং সরকারের অভ্যন্তরে একাধিক সরকারের অস্তিত্বের বিষয়টি এখন ওপেন সিক্রেট। ফলে সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না ড. ইউনূস। এ ছাড়া প্রশাসনিক অদক্ষতা, অনভিজ্ঞতা ও রাজনৈতিক অদূরদর্শিতার কারণে দ্রুত ম্লান হয়ে যাচ্ছে গণঅভ্যুত্থানের প্রত্যাশা। সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠেছে সরকারের স্থায়িত্ব এবং গণঅভ্যুত্থানের বেহাত হওয়া নিয়ে।






