ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যরা পদত্যাগ করেছেন। গতকাল শনিবার তাঁদের পদত্যাগের কথা জানা গেছে। এদিন পদত্যাগ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালকও।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজন হল প্রাধ্যক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নয়জন সহকারী প্রক্টর, তিনজন হল প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টা এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
এর আগে গত কয়েক দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলমসহ রেজিস্ট্রার, প্রক্টর ও একজন হল প্রাধ্যক্ষ; টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরহাদ হোসেন, প্রক্টর, তিনজন হল প্রাধ্যক্ষ ও শিক্ষার্থী কল্যাণ পরামর্শ কেন্দ্রের উপপরিচালক; রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদুর রশীদ ভূঁইয়া, সহ-উপাচার্য অলোক কুমার পাল ও প্রক্টর; দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম কামরুজ্জামান, সহ-উপাচার্য মামুনুর রশিদ, ছাত্র উপদেষ্টা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম পদত্যাগ করেছেন।






