প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারাল্লাহ। গত সপ্তাহে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এই যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে, তাহলে ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে হামলা চালাবে হিজবুল্লাহ।
হাসান নাসারাল্লাহ বলেন, সাইপ্রাস যদি ইসরায়েলি বাহিনীকে নিজেদের বিমানবন্দর ও বিমানঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়, তাহলে সাইপ্রাসও এই যুদ্ধের অংশ হয়ে যাবে। লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ আসন্ন—ইসরায়েলের এমন হুমকির এক দিন পর সাইপ্রাসে হামলা নিয়ে পাল্টা এ হুমকি দেন ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত হিজবুল্লাহর প্রধান।
হিজবুল্লাহ সাইপ্রাসে হামলার হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, ‘সাইপ্রাস ইইউর সদস্য। ইইউ মানে সাইপ্রাস আর সাইপ্রাস মানে ইইউ।’ ইউরোপের ২৭ দেশের এই জোটের মুখপাত্র পিটার স্টানো সাংবাদিকদের বলেন, ‘সদস্যরাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি ইইউকে হুমকি দেওয়ারই নামান্তর।’
হিজবুল্লাহ প্রধানের হুমকির পর সাইপ্রাসের প্রতিবেশী দেশ গ্রিসও এর প্রতিক্রিয়া জানিয়েছে। এথেন্স বলেছে, সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। গ্রিস সাইপ্রাসের পাশে আছে।
হাসান নাসারাল্লাহর হুমকির পর শুরু টানাপোড়েন সামলানোর চেষ্টা হিসেবে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টানটিনোস কম্বোসের সঙ্গে কথা বলেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দাল্লাহ বোউ হাবিব।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ হয়তো সর্বাত্মক যুদ্ধে জড়াবে না। তবে সাইপ্রাসকে আলোচনায় নিয়ে আসায় গাজা যুদ্ধের নতুন একটি দিক সামনে এসেছে। তাঁদের মতে, গাজা যুদ্ধ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এখন সাইপ্রাসকে এতে টেনে আনায় ইইউর একটি সদস্যদেশের এই যুদ্ধে জড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সাইপ্রাসের মৈত্রীর বিষয়টিও সামনে এসেছে।






