রাজধানীর কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী মো. উজ্জ্বল হোসেনের ফলের আড়তের একটা বড় অংশ জুড়ে আছে আনারস, তাল, এমনকি মৌসুম শেষের তরমুজ। এ চিত্র অনেকটা অস্বাভাবিক বলছিলেন এ ব্যবসায়ী। তিনি ১০ বছর হয় পারিবারিক এ ব্যবসার হাল ধরেছেন। তাঁদের বংশপরম্পরায় ফলের ব্যবসা প্রায় ৪০ বছরের। উজ্জ্বল বলেন, আগে এ সময় আড়তজুড়ে থাকত আম। কিন্তু এবার আমদানি যেমন কম, দামও চড়া। তাই আড়ত এবার আমে ভরল না। উজ্জ্বল হোসেনের সঙ্গে কথা হয় ১০ জুন সোমবার।
উজ্জ্বলের কথার সূত্র ধরে পাইকারি ব্যবসায়ী, খুচরা বিক্রেতা, আম উৎপাদনকারীর সঙ্গে কথা বলে ও সরকারের বাজার পর্যবেক্ষণের তথ্য এবং গবেষকদের গবেষণা পর্যালোচনায় জানা যায়, আমের বাজার এবার অস্বাভাবিক। দাম গতবারের দ্বিগুণ। এ জন্য কম উৎপাদন, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি এবং সার্বিক মূল্যস্ফীতিকেই অন্যতম কারণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ।
মে মাসের প্রথম সপ্তাহে বাজারে আম আসতে শুরু করে। গুটি, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, আশ্বিনী—এই সাত প্রধান জাতের আমই বাজারে বেশি।
সরকারি হিসাবে দাম প্রায় দ্বিগুণ
কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, গত বছর জুনে পাইকারিতে প্রতি কেজি হিমসাগর আমের দাম ছিল ৪১ টাকা। এ বছর তা ৭৯ টাকা ৩২ পয়সা।
আর কারওয়ান বাজারের আড়তে হিমসাগরের প্রতি কেজির দাম ৭০ থেকে ১২০ টাকা। কারওয়ান বাজারের একাধিক আড়তে খোঁজ নিয়ে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের হিমসাগরের দামই সবচেয়ে বেশি, ১২০ টাকা।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর জুনে পাইকারি বাজারে প্রতি কেজি ল্যাংড়ার দাম ছিল প্রায় ৩৯ টাকা। এবার তা ৮০ টাকা ৮৬ পয়সা। আর কারওয়ান বাজারে দিনাজপুরের সাধারণ মানের প্রতি কেজি ল্যাংড়া ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ভালো মানের ল্যাংড়ার দাম ৮০ থেকে ৯০ টাকা।






