ভারতীয় বাংলা চলচ্চিত্রে রঞ্জিত মল্লিক একটি অনন্য নাম। নায়ক হয়ে অভিনয় শুরু করলেও এখন তাঁকে চরিত্রাভিনেতা হিসেবে চলচ্চিত্রে দেখা যায়। রঞ্জিত মল্লিকদের ভবানীপুরের মল্লিক বাড়িটি দুর্গাপূজার জন্যও বিখ্যাত। রঞ্জিত মল্লিকের মেয়ে কলকাতার চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। মল্লিক পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তাঁরা বাংলাদেশের অপূর্ব ও মেহজাবীনের সব কটি নাটক দেখেছেন। বাংলাদেশি এ দুই তারকা অভিনীত সব নাটক ভালো লেগেছে।এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী দীপা মল্লিক। ভিডিও বার্তায় দীপা মল্লিক জানান, বাংলাদেশের দুজন অভিনয়শিল্পীর নাটক তিনি অনেক দেখেন। তাঁদের দুজনের সব কটি নাটকই তাঁদের দেখা হয়ে গেছে। এ দুই অভিনয়শিল্পী হলেন অপূর্ব ও মেহজাবীন। সর্বশেষ তাঁরা ‘খেয়ালী আমি, হেয়ালী তুমি’ নাটকটি দেখেছেন বলেও জানান। মহিদুল মহিম পরিচালিত ‘খেয়ালী আমি, হেয়ালী তুমি’ নাটকের প্রধান দুটি চরিত্রের অভিনয়শিল্পী অপূর্ব ও মেহজাবীন।দীপা মল্লিক ভিডিও বার্তায় বলেন, ‘মেহজাবীন, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমার আর অপূর্বর সব কটা নাটক আমার দেখা হয়ে গেছে। গতকাল রাতেও আমার হাজব্যান্ড রঞ্চিত মল্লিককে তোমার “খেয়ালী আমি, হেয়ালী তুমি” নাটকটি দেখালাম। তা ছাড়া “বড় ছেলে” বলে যে নাটকটা, সেটায় তুমি অসাধারণ ভালো অভিনয় করেছ। তুমি বলছি, কারণ তুমি বাচ্চা একটা মেয়ে। আমি ভাবছিলাম, আমার মেয়ে আছে কোয়েল মল্লিক, তাকেও তোমার সব কটি নাটক দেখাব। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।’ এরপর রঞ্জিত মল্লিক বলেন, ‘এক্সিলেন্ট পারফরম্যান্স, উইশ ইউ অল দ্য বেস্ট।’






