হজের সময় মক্কার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে

আগামীকাল বৃহস্পতিবার মিনায় যাওয়ার মাধ্যমে হজের কার্যক্রম শুরু হচ্ছে। তা চলবে ছয় দিন। হজের সময় মক্কার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ফলে হজ পালনকারীরা এবার বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে সতর্কতা জারি করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি সপ্তাহে জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, এ বছর হজযাত্রীরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এর মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি অন্যতম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল্লাহিল বলেছেন, উচ্চ তাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

সৌদি আরবে জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস, হজের সময় মক্কার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তাপমাত্রা গরম থেকে অতি গরম থাকতে পারে। মক্কা ও পবিত্র স্থানগুলোর তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তাপমাত্রা বাড়ার পাশাপাশি হজের সময় তাপপ্রবাহ চলতে পারে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া কেন্দ্র।

এ অবস্থায় হজযাত্রীদের তাঁদের দেওয়া নির্দেশনা মানতে নির্দেশ দিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। যেমন সরাসরি সূর্যের হাত থেকে বাঁচতে ছাতা ব্যবহার করা, পর্যাপ্ত পানি পান করা ও অজ্ঞান হওয়া কিংবা গরমের ক্লান্তি দূর করতে মাঝেমধ্যে বিশ্রাম নেওয়া।