স্বাধীনতার পর বাংলাদেশ শুরু থেকেই বিনিময় হার নির্ধারণে ব্রিটিশ মুদ্রা পাউন্ড-স্টার্লিংকে মধ্যবর্তী মুদ্রা হিসেবে বেছে নিয়েছিল। তখন ১ পাউন্ডের দর ছিল ১৮ দশমিক ৯৬৭৭ টাকা। এই বিনিময় হার নির্ধারণ করা হয়েছিল ভারতের মুদ্রামানের সঙ্গে সামঞ্জস্য রেখে। তখন ডলারের দর ছিল ৭ দশমিক ২৭০২৭ টাকা।
বিনিময়হারে প্রথম বড় পরিবর্তন আনা হয় ১৯৭৫ সালের ১৭ মে। একদিনেই টাকার অবমূল্যায়ন করা হয় ৫৮ দশমিক ১৬ শতাংশ। ফলে পাউন্ডের দর দাঁড়ায় ৩০ টাকা, যা আগে ছিল ১৮ দশমিক ৯৬৭৭ টাকা। যদিও খোলাবাজারে পাউন্ডের দর ছিল প্রায় দ্বিগুণ। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শেই।
পাউন্ড-স্টার্লিং থেকে বাংলাদেশ সরে আসে ১৯৮৩ সালের ১১ জানুয়ারি। ওই দিন থেকে বাংলাদেশের টাকাকে মার্কিন ডলারের সঙ্গে সম্পর্কিত বা পেগ করা হয়। বাংলাদেশ ব্যাংক ডলারের দর ঠিক করে দেয় বিক্রিতে ২৪ দশমিক ৪৮ টাকা এবং ক্রয়ে ২৪ দশমিক ৫২ টাকা।
পরের গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আসে ১৯৯৪ সালের ২৪ মার্চ। সেদিন থেকে চলতি হিসাবে লেনদেনে ক্ষেত্রে টাকাকে রূপান্তরযোগ্য করা হয়। তবে মূলধন হিসাবকে রূপান্তরযোগ্য করা হয়নি। এর অর্থ হচ্ছে, টাকা ডলারে রূপান্তর করে পুঁজি হিসেবে তা অন্য দেশে নিয়ে যাওয়া যাবে না। তবে দৈনন্দিন ব্যয়, শিক্ষা বা স্বাস্থ্য খাতে ডলারে রূপান্তর করার সুযোগ দেওয়া হয়।






