ব্রিটেনের সর্বত্র ফ্লুতে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। যারা সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হচ্ছেন, তাদের প্রতি সরকারের আহবান, অসুস্থ এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষের কাছাকাছি যাবেন না। কারণ এতে ফ্লু সহ অন্যান্য ভাইরাস সংক্রমিত হয়। ইংল্যান্ডের বিভিন্ন হাসপাতাল থেকে প্রকাশিত নতুন উপাত্ত বলছে, ফ্লু আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে চাপ বেড়েছে হাসপাতালগুলোতে।
গত সপ্তাহে ইংল্যান্ডের হাসপাতালগুলোতে প্রতিদিন ফ্লু নিয়ে ভর্তি থাকা মানুষের সংখ্যা ছিল ৩ হাজার ৭৪৬ জন। এক সপ্তাহ আগের উপাত্তের সাথে তুলনা করলে হাসপাতালে ফ্লুতে আক্রান্ত মানুষের হার বেড়েছে ৮০ শতাংশ। এক মাস আগের উপাত্তের সাথে তুলনা করলে ৭ গুন বেড়েছে হাসপাতালে ফ্লু আক্রান্ত মানুষের সংখ্যা। আর গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০০ গুন। গত বছরের এই সময়ে অবশ্য সামাজিক মেলামেশা বন্ধও থাকার কারণে ফ্লুর সংক্রমণ হয়নি। ফ্লু নিয়ে এই মুহূর্তে যারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ২৬৭ জনকে ক্রিটিকেল কেয়ারে রাখা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কোভিড এবং ফ্লু মিলে একটি টুইনডেমিক পরিস্থিতি সৃষ্টি করেছে।
এদিকে কোভিডের সংক্রমণ বেড়েছে এনএইচএস ইংল্যান্ডের স্বাস্থ্যকর্মীদের মধ্যেও। ফলে কাজে উপস্থিতি কমেছে। এই মুহূর্তে ইংল্যান্ডে প্রতিদিন গড়ে ৮ হাজার এনএইচএস কর্মী অসুস্থতার জন্য কাজে আসছেন না। গত মাসে এই সংখ্যা ছিল সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি।






