আমার চেনা মানুষের অনেকেই ডিসেম্বরের শেষ সপ্তাহ এলে জোরেশোরে ভাবতে বসেন, নতুন বছরের প্রতিজ্ঞাটা কী হবে। কেউ কেউ নিজেদের সংকল্প সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়ে দেন। ওজন কমানো, গাড়ি কেনা, বন্ধুদের সঙ্গে আরও ঘনঘন আড্ডা দেওয়া, দুই বছর ধরে ফেলে রাখা উপন্যাস লিখে শেষ করা, দেড় শ বই পড়া, সময়মতো অফিসে যাওয়া, মাঝরাতে আর সাবেক প্রেমিক–প্রেমিকার ফোন না ধরা—কত বিচিত্র ধরনের সংকল্পই না চোখে পড়ে!
নতুন সংকল্পের ব্যাপারটাকে কেউ কেউ হাস্যকর মনে করেন। কেউ কেউ বলেন, এটা ‘দেখনদারি’। আমার কাছে সংকল্প করার এই প্রথা খারাপ লাগে না। প্রচেষ্টা ছাড়া অর্জন হয় না, আর সংকল্প না থাকলে প্রচেষ্টা আসবে কোথা থেকে? সব সংকল্পকে বাস্তবে রূপ দেওয়া মুশকিল। ২০১৬ সালে আমেরিকায় এক জরিপে দেখা গিয়েছিল, সেখানে ৪১ শতাংশ মানুষ নতুন বছরে কিছু প্রতিজ্ঞা গ্রহণ করেন। এই জরিপে মাত্র ৯ শতাংশ মানুষ বছর শেষে দাবি করেন, তাঁদের সংকল্প পুরোপুরি বা আংশিকভাবে বাস্তবায়ন করতে পেরেছেন। কিন্তু তাতে কী? আমগাছে যত মুকুল আসে, তত ফল কি ধরে! কিন্তু যে কটা আম ধরে, তার প্রতিটাই তো কোনো না কোনো মুকুল থেকে এসেছে!
তাই প্রতিজ্ঞা থাকা ভালো। এতে নিজের সামনে একধরনের ইচ্ছা বা আগ্রহ থাকে সেই লক্ষ্য পূরণের।নতুন বছরের সংকল্প কেমন হওয়া উচিত? ভারতচন্দ্র বলেছিলেন, ‘ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন।’ আমারও মত, নতুন বছরের সংকল্প একটু চিন্তাভাবনা করে নেওয়াই ভালো। সংকল্প করতে হবে এমন, যাতে নিজের সাধ্যের সীমা পর্যন্ত বা তার কাছাকাছি যাওয়া যায়। কিন্তু সংকল্প যদি সাধ্যের অতিরিক্ত হয়, তা হলে আমাদের অবচেতন মন শুরু থেকেই ধরে নেয়, এই সংকল্প রক্ষা করা যাবে না। অবচেতন মনের সঙ্গে লড়াই করে জেতা খুব কঠিন। আপনি যদি জো বাইডেন হন, আপনার নতুন বছরের সংকল্প হতে পারে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আরেকবার দলের কাছ থেকে মনোনয়ন আদায়ের চেষ্টা। লক্ষ্যটা কঠিন, অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু আপনার সাধ্যের বাইরে নয়।






