কোভিডক্রান্তি কাটিয়ে ওঠার আগেই ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, বৈদেশিক মুদ্রার কমতি এবং সর্বোপরি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি দেশের অর্থনীতিকে ঝুঁকি থেকে চাপে এবং চাপ থেকে সংকটে নিপতিত করার শঙ্কা বাড়িয়ে তুলছে। করোনাভাইরাস সংক্রমণে চাহিদা ও জোগানব্যবস্থায় ব্যাপক ধসের কারণে অর্থনীতি মন্দাবস্থায় পতিত হয়। এখনো সরবরাহব্যবস্থা পুরো মাত্রায় সচল হয়নি। এদিকে পণ্য ও সেবার মূল্য বেড়েই চলেছে।
ইউক্রেন আক্রমণের ছয় মাস আগেই বাংলাদেশে রিজার্ভের ক্ষয় শুরু। বৈদেশিক মুদ্রার আয় কম হওয়ায় রিজার্ভ কমছে। গত বছরের জানুয়ারির ৪ হাজার ৫২৬ কোটি ডলার থেকে কমে এখন ৩ হাজার ৪০১ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিভিন্ন খাতে বিনিয়োগ করা ৮০০ কোটি ডলার বাদ দিলে নিট রিজার্ভ ২ হাজার ৬০০ কোটি ডলার। সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
নিম্ন ও নির্দিষ্ট আয়ের পরিবার কঠোর আঘাতে নিষ্পেষিত। মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছ। কোভিড-১৯ শ্রমিক এবং বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে কর্মরতদের উল্লেখযোগ্য মজুরি হ্রাস করে জীবনযাত্রার ব্যয় সংকটে নিপতিত করে। বাংলাদেশে মজুরি বৃদ্ধি গত অর্থবছরে সাত বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রকৃত মজুরি কমে যাওয়ায় অধিকাংশ মানুষ তাঁদের সামান্য আমানত খরচ করছেন। তাঁদের মধ্যে কেউ কেউ দৈনন্দিন জীবন নির্বাহের জন্য ধার করছেন। একসময় তাঁরা ঋণ গ্রহণের ক্ষমতাও হারাতে পারেন।
তাঁদের দারিদ্র্যসীমার নিচে ঠেলে দেবে। মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতি আবার চালু হওয়া সত্ত্বেও বাংলাদেশে ‘নতুন দরিদ্র’-এর সংখ্যা কমেনি। চাহিদা অনুযায়ী খাদ্য কিনতে পারছেন না। অনেক পরিবার খাবারের পরিমাণ ও পুষ্টির মাত্রা কমিয়েছে। এ ছাড়া দাম বাড়ার ধাক্কা সামলাতে তারা কম ও নিম্নমানের পণ্য কিনছেন। খাদ্যবহির্ভূত খরচ তথা চিকিৎসা ও শিশুদের শিক্ষা ব্যয় হ্রাস করতে বাধ্য হয়েছেন। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী বছর কৃষি উৎপাদন কমার আশঙ্কা রয়েছে।
সরকারের পরিসংখ্যান সংস্থা জানাচ্ছে, দারিদ্র্যের হার প্রাক্-কোভিড স্তরের ২০ শতাংশের তুলনায় প্রকৃতপক্ষে বেড়ে ২৯ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। কিন্তু দারিদ্র্যের এই বৃদ্ধি এবং মধ্যবিত্তের ক্রমহ্রাসমানতা অর্থনৈতিক হতাশার দৃশ্যমান খণ্ডচিত্র মাত্র। প্রকৃত উদ্বেগের বিষয় হলো স্বল্প মেয়াদে সংকট ব্যবস্থাপনা ও মধ্য মেয়াদে পুনরুদ্ধার ব্যবস্থাপনার অগ্রগতির অভাব।






