অনেক সময় কর্মস্থল অথবা ঘরে দুর্গন্ধের কারণে আমাদের বিভিন্ন অস্বস্তিতে পড়তে হয়। কর্মস্থলে অনেক মানুষের সমাগম হওয়ার কারণে সেখানে সুগন্ধির ব্যবহার অনেকটাই অপরিহার্য হয়ে পড়ে। অফিসে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ কর্মীদের কাজের ওপরও বেশ প্রভাব ফেলে।
একটি গবেষণায় দেখা গেছে, বিশেষ কিছু সুবাসের এয়ার ফ্রেশনার অথবা সুগন্ধি হিসেবে এসেনশিয়াল অয়েলের ব্যবহার আমাদের মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে। যেমন ল্যাভেন্ডার অথবা রোজ অয়েল এর মধ্যে অন্যতম। আবার অনেক সুগন্ধিযুক্ত এয়ার ফ্রেশনারে অ্যান্টি–ব্যাকটেরিয়াল, অ্যান্টি–ফাঙ্গাল উপাদান রয়েছে, যা বিভিন্ন জীবাণু দূর করতে সাহায্য করে। স্নানঘর, ক্লোসেট, লিভিং রুম এবং শোবার ঘরে এয়ার ফ্রেশনার অথবা যেকোনো সুগন্ধির ব্যবহারের ফলে একধরনের প্রাকৃতিক সুগন্ধি বজায় থাকে। ফলে কোনো উটকো গন্ধ টের পাওয়া যায় না।
আজকাল বোতলজাত এয়ার ফ্রেশনারের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে এয়ার ফ্রেশনার পাওয়া যাচ্ছে। যেমন প্রাকৃতিক তেল, বিভিন্ন সুবাসের রুম ডিফিউসার, সুগন্ধিযুক্ত মোমবাতি—এগুলোর মাধ্যমে মানুষ ঘরকে সুবাসিত করছে। অনেকে স্নানঘরে মোমবাতি রাখতে পছন্দ করেন। সেসব মোমবাতির ওপর কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ছড়িয়ে দিলে পুরো জায়গা সুবাসিত থাকবে। বাসায় অতিথি এলে আমরা সুগন্ধির জন্য বিভিন্ন মোমবাতি ব্যবহার করে থাকি। এতে পুরো ঘর সুবাসিত থাকে। অনেক সময় ঘরে রান্নার ফলে অপ্রত্যাশিত গন্ধের সৃষ্টি হয়। সে সময় কোনো মোমবাতি জ্বালিয়ে নেওয়া যেতে পারে।






