চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক আদেশে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের জন্য আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্তের কথা জানানো হয়েছে।
তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনকে ভূরুঙ্গামারীতে বদলি করা হয়েছে। কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম প্রথম আলোকে জানিয়েছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় আপাতত সাজ্জাদ হোসেনই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, কেন্দ্রওয়ারি এসএসসির প্রশ্নপত্রগুলো ঠিকমতো এল কি না, তা একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে কেন্দ্রসচিব ও একজন পুলিশ সদস্যের উপস্থিতিতে বাছাই (সর্টিং) করা হয়। এখানে এই কাজের মূল দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।






