বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ছয় বছর পর ইউএস ফুলব্রাইট প্রোগ্রাম আবার শুরুর ঘোষণা দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ‘একাডেমি ফর উইমেন এন্ট্রাপ্রেনিউরস (এডব্লিউই)’ কার্যক্রম পরিচালনার উদ্বোধন ঘোষণা করেছেন।
ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এডব্লিউই হলো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি বৈশ্বিক উদ্যোগ, যা একটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং স্থানীয় নারী উদ্যোক্তা, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও পশ্চাৎপদ পটভূমি থেকে আসা নারীদের এগিয়ে যেতে ও উন্নতিতে সহায়তা করে থাকে।
এ অনুষ্ঠানে অন্যতের মধ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), প্রতিষ্ঠিত ও উদীয়মান উদ্যোক্তা এবং সরকারি ও বেসরকারি খাতের বিশিষ্ট ব্যবসায়িক-পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
ফুলব্রাইট প্রোগ্রাম হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ এক্সচেঞ্জ কর্মসূচি, যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে আরেও জোরদার ও প্রসারিত করে। দুই দেশের মধ্যে শিক্ষার ক্ষেত্রে যোগসূত্র স্থাপন ও বিস্তৃত করে। স্টেট ডিপার্টমেন্টের এক্সচেঞ্জ প্রোগ্রামে চার হাজারের বেশি সাবেক শিক্ষার্থী আছেন, যাঁদের মধ্যে ৬৫০ বাংলাদেশি ফুলব্রাইট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে গেছেন এবং ২৫০ জনের বেশি আমেরিকান বাংলাদেশে গবেষণা করেছেন অথবা শিক্ষাদান করেছেন। এভাবেই বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও স্কলারদের জন্য একাডেমিক ও পেশাদারত্বের বিকাশ ও উন্নয়নের সুযোগ করে দিয়ে বাংলাদেশে মানসম্মত শিক্ষা বিস্তার নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি পূরণ অব্যাহত রেখেছে।






