পাম তেল রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ

পাম তেল রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইন্দোনেশিয়ার কৃষকেরা। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী জাকার্তায় শত শত কৃষক এ বিক্ষোভে অংশ নেন। সরকারি সিদ্ধান্তের কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। তেল রপ্তানি বন্ধ করায় কৃষকদের আয় কমে গেছে। এ করণে পাম তেল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত বাতিল করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।বিজ্ঞাপন

ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক দেশ। গত ২৮ এপ্রিল অপরিশোধিত পাম তেল রপ্তানি বন্ধের ঘোষণা দেয় দেশটির সরকার। অভ্যন্তরীণ রান্নার তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নেয়। রপ্তানি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দামে বিশৃঙ্খলা দেখা দেয়।

বিক্ষোভকারীদের হাতে দাবি আদায় সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, মালয়েশিয়ার কৃষকদের মুখে হাসি ফুটেছে, অপরদিকে ইন্দোনেশিয়ান কৃষকেরা ভুগছেন। পাম তেল উৎপাদনে মালয়েশিয়া বিশ্বে দ্বিতীয়। ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বর্তমানে মালয়েশিয়া বাজার দখলের চেষ্টা করছে।