ডলারের দাম হু হু করে বাড়ছে। আজ দেশের খোলাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য ১০০ টাকা ছাড়িয়েছে। তারপরও কেনার জন্য পর্যাপ্ত ডলার মিলছে না। এর আগে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সোনার দামও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যদিও আন্তর্জাতিক বাজারে সোনার দামে নিম্নমুখী প্রবণতা রয়েছে।
ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা বাড়ছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার তৈরি করতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। নতুন এই দর আগামীকাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। আজ বিকেল পৌনে ছয়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির এ তথ্য জানায় বাজুস।






