শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে

দক্ষিণ আফ্রিকায় মার্চ–এপ্রিলে ভুলে যাওয়ার মতো একটি সিরিজই কেটেছে বাংলাদেশ দলের। প্রথম টেস্টে ২২০ রানে হেরেছে মুমিনুল হকের দল। দ্বিতীয় টেস্টে আরও বড় হার, ৩৩২ রানে। বড় হারের চেয়েও হতাশাজনক ছিল দুই টেস্টেরই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ ও দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় অমন বাজে ব্যাটিংয়ের প্রভাব কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে তৃতীয় দিনের খেলা বাংলাদেশ শেষ করেছে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩১৮ রান তুলে।

দক্ষিণ আফ্রিকা সফরের পর শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিতে বাংলাদেশের খেলোয়াড়েরা সপ্তাহ দুয়েক সময় পেয়েছেন। এই অল্প সময়ে ব্যাটিং কোচ জেমি সিডন্স কী এমন করেছেন যে তামিম ইকবাল–মুশফিকুর রহিমরা এভাবে নিজেদের বদলে ফেলতে পেরেছেন!